


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাকরি থেকে বরখাস্ত হলে রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধে মিলবে না। এমনই নিয়ম জারির পথে হাঁটছে মোদি সরকার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, গত ২২ মে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কর্মিবর্গ মন্ত্রক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ২০২১ এতদিন কার্যকর ছিল। জানা যাচ্ছে যে, সেই আইনেই সংশোধন নিয়ে আসা হয়েছে। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) সংশোধনী আইন, ২০২৫ জারি হয়েছে। তারই বিজ্ঞপ্তি গত ২২ মে প্রকাশ করেছে কর্মিবর্গ মন্ত্রক। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তি সংক্রান্ত যে নিয়ম ছিল, তাতে চাকরি থেকে বরখাস্ত হলেও রাষ্ট্রায়ত্ত সংস্থার (পিএসইউ) কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধে পেতে কোনও সমস্যা হতো না। নতুন নিয়মে তাতেই সংশোধন করা হয়েছে। যদিও এতে ওই কর্মী যে মন্ত্রকের আওতায় কর্মরত, সেই কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এটি বাস্তবায়িত করতে হবে। মঙ্গলবার রাত পর্যন্ত এই ব্যাপারে কর্মিবর্গ মন্ত্রকের কোনও মন্তব্য মেলেনি।