


মুম্বই, ৩১ মার্চ: ফের শিরোনামে মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবিকে ঘরে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। পুনম তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে আয়নার সামনে ক্যাজুয়াল পোশাকে একটি পোজ দিয়েছেন অভিনেত্রী। সেখানে তাঁর বেবি বাম্প স্পষ্টই বোঝা গিয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। আদৌ এটি সত্যি ছবি, না কী ফের কোনও প্রচারের কৌশল? পয়লা এপ্রিলের প্রাককালে আচমকাই এই বিষয়টি সামনে আসায় এটি এপ্রিল ফুলের পার্ট বলেও অনেকে ধারণা পোষণ করছেন।
মোটের উপর বিষয়টি নিয়ে ধন্দে রয়েছে প্রায় সকলেই। তবে অনেকে আবার তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। শিশুটির বাবা কে? এই প্রশ্নও অনেকে সামাজিক মাধ্যমে করেছেন। পাশাপাশি এটিকে আসন্ন কোনও সিনেমা বা সিরিজের জন্য নতুন লুক বলেও সন্দেহ প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ আবার এটিকে এআই ছবি বলে মনে করছেন। তবে বিষয়টি বিশ্বাসযোগ্য না হওয়ার কারণ অবশ্য পুনম নিজেই। কারণ এর আগে ২০২৪ সালে পুনমের জ্বরায়ুতে ক্যানসারের খবর দেওয়া হয়েছিল তাঁরই অফিসিয়াল পেজ থেকে। অভিনেত্রীর টিমের পক্ষ থেকেই সেই খবর দেওয়া হয়েছিল। পরে সেটিতে রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার কৌশল বলে দাবি করা হয়। ওই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে নানা বিতর্কও দেখা দেয়। প্রশ্ন ওঠে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েও।