


সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: পরিকল্পনা চলছিল বেশ কিছু মাস ধরেই। এবার চূড়ান্ত রূপরেখা দেওয়ার পালা। আজ থেকে শুরু হবে রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির বৈঠক। রেপো রেট নিয়ে কমিটি কী সিদ্ধান্ত নেয়, এই তিনদিনের বৈঠকে মূলত তার দিকেই নজর রাখবে অর্থনীতি ও শিল্পমহল। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতের মূল্যবৃদ্ধির উপর কতটা গভীর প্রভাব ফেলতে চলেছে, তার পূর্বাভাসও দেবেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। পাশাপাশি দেশের সাধারণ ব্যাংক গ্রাহকদের একটি বিশেষ সুবিধা প্রদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সেটি হল, ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি। যদি কোনও গ্রাহক চান তাঁর ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে অন্য ব্যাংকে সেই অ্যাকাউন্ট চালু করবেন, তাহলে আগামী দিনে অ্যাকাউন্ট বন্ধ করা এবং আবার খোলার জন্য কোনো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। বিভিন্ন সার্ভিস প্রোভাইডারে একই মোবাইল নম্বর রাখার মতো পদ্ধতি চালু করতে চাইছে রিজার্ভ ব্যাংক। তাকেই বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর একই রেখে ভবিষ্যতে গ্রাহক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অ্যাকাউন্টকে নিয়ে যেতে পারবে।
কেন এই সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাংক? প্রথমত পরিষেবা। যদি একটি ব্যাংকের পরিষেবায় গ্রাহক সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে অন্য ব্যাংকে তিনি অ্যাকাউন্ট স্থানান্তরিত করতে পারেন। সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট নম্বর পরিবর্তিত হয়ে যায়, তাহলে,ওই অ্যাকাউন্ট আরও যেসব পরিষেবার সঙ্গে যুক্ত, সেসব ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। অর্থাৎ আবার সব বদলাতে হবে। যেমন জীবনবিমার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জানিয়ে রাখতে হয়। যাতে কোনো ম্যাচিওরিটি হলে সেখানে চলে যায় টাকা। একইভাবে সরকারের নানারকম আর্থিক সহায়তা স্কিম, যা ডাইরেক্ট বেনেফিট ট্র্যান্সফার প্রকল্প। অর্থাৎ সরকারের প্রদেয় টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। বাড়িগাড়ির ঋণের জন্য ইএমআই, রেকারিং, এসআইপি, ক্রেডিট কার্ড পেমেন্ট, নানাবিধ সোস্যাল মিডিয়া অথবা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হয়। যদি অ্যাকাউন্ট নম্বর বদলে যায়, তাহলে আবার নতুন করে সব সংযুক্ত করতে হবে। যা সময়সপেক্ষ এবং যথেষ্ট হয়রানির হয়। দ্বিতীয়ত, দূরবর্তী স্থান থেকে অনেকেই চায় বাড়ির কাছের কোনও ব্যাংকে যদি অ্যাকাউন্ট নিয়ে আসা যায়। কিন্তু সেটা তখনই সম্ভব যদি একই ব্যাংকের শাখা হয়। ভিন্ন ব্যাংক হলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট নম্বর বদলাতে হবে না, অথচ পছন্দসই এবং সুবিধাজনক ব্যাংকে নিজের অ্যাকাউন্ট নিয়ে আসার পরিষেবা দিতেই রিজার্ভ ব্যাংক এই প্রস্তাব ও পরিকল্পনা নিয়েছে। রিজার্ভ ব্যাংক তৈরি করেছে পেমেন্ট ভিশন ২০২৮। নীতি নির্ধারণ কমিটিতে এই সংক্রান্ত আলোচনা হলে এরপর সরকারকেও জানানো হবে যাতে ডাইরেক্ট বেনেফিট স্কিমের কোনো সমস্যা না হয়। যত দ্রুত সম্ভব এই নয়া প্রক্রিয়া চালু করতে চাইছে রিজার্ভ ব্যাংক।