


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বিজ্ঞপ্তি জারি না-হলেও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি শুরু করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। বৃহস্পতিবার থেকে শুরু হল বুথ লেভেল অফিসার বা বিএলও’দের প্রশিক্ষণ পর্ব। এদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলার মোট ৪৯ টি বিধানসভা কেন্দ্রের জন্য বিএলও’দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিইও অফিস থেকে ভার্চুয়ালি প্রশিক্ষিত বিলও’দের সঙ্গে কথা বলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। এই প্রশিক্ষণের কাজে যুক্ত ছিলেন রাজ্যের দুই অতিরিক্ত সিইও এবং দুই ডেপুটি সিইও। আজ, শুক্রবার বর্ধমান ও ঝাড়গ্রামে, ২৬ জুলাই কলকাতা, ২৮ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিএলও’দের প্রশিক্ষণ চলবে।
এদিকে, এদিনই বিএলও’দের বার্ষিক ভাতা প্রায় দ্বিগুণ করার কথা জানিয়েছে কমিশন। বিএলও’রা এবার ১২ হাজার টাকা বার্ষিক ভাতা পাবেন। সুপারভাইজার হিসেবে যেসমস্ত বিএলও কাজ করবেন তাঁরা বার্ষিক ১৮ হাজার টাকা হারে ভাতা পাবেন।
অন্যদিকে, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদীয়া ও কোচবিহারের মতো রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে গত সাতদিনে ৭৫ হাজার নতুন ভোটার (১৮ থেকে ৪৫ বছর বয়সি) হওয়ার আবেদন জমা পড়েছে।