


বিশেষ সংবাদদাতা, আগরতলা: আর কিছু না হোক, প্রচারে অন্তত গোটা দেশেই বিজেপি ও তার নেতা মন্ত্রীরা সব সময় এগিয়ে! এমনই দাবি বিরোধীদের। এই প্রচারসর্বস্বতার আরও এক দৃষ্টান্ত দেখা গেল ত্রিপুরায়। নিজের বিধানসভা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের কোয়েশ্চেন ব্যাংক বিলি করেছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। কিন্তু ওই কোয়েশ্চেন ব্যাংক-এ নিজের ছবি ও দলের প্রতীক ছাপিয়ে বিতর্কে জড়ালেন তিনি। এজন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী। কারও কটাক্ষ, এ তো দেখছি ‘ত্রিপুরার বিদ্যাসাগর’। তাই বইয়ের পাতায় নিজের ছবি দিয়ে পড়ুয়াদের উৎসাহিত করছেন। অভিভাবক মহলেও ছড়িয়েছে ক্ষোভ। তাঁরা বলছেন, দলীয় প্রতীক ব্যবহার করে বই ও জলের বোতল দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের নিয়ে এভাবে রাজনীতি করা ঠিক নয় বলেও মন্তব্য তাঁদের। যদিও মন্ত্রীর দাবি, এই কোয়েশ্চেন ব্যাংক কোনও বই নয়। এটি প্রধান কোয়েশ্চেন ব্যাংক থেকে জেরক্স করে তার উপর কভার লাগিয়ে আমার বিধানসভা এলাকার ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হয়েছে। প্রতিবছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এইসব দেওয়া হয়। এবছর কোয়েশ্চেন ব্যাংক, জলের বোতল ইত্যাদি দেওয়া হয়েছে।