


নয়াদিল্লি: ত্রাণসামগ্রী নিতে দিল্লি রওনা দেওয়ার কথা ছিল একটি অসামরিক বিমানের। তার আগেই ইরানের মাসাদ বিমানবন্দরে মার্কিন হামলা। ক্ষতিগ্রস্ত হল মাহান এয়ারলাইন্সের ওই বিমান। এমনই দাবি ইরানের। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে এই হামলার কড়া নিন্দা করল ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। তারা বলেছেন, ‘ত্রাণবাহী বিমানে হামলা স্পষ্টভাবে যুদ্ধ অপরাধ এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী’। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই আক্রমণের কথা স্বীকার করা হয়নি।
১ এপ্রিল ভোরে ভারতে আসার কথা ছিল বিমানটির। ভারত থেকে ওষুধ, খাদ্য সহ ত্রাণ নিয়ে তেহরানে ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে বিমানটিতে হামলা হয়েছে বলে দাবি তেহরানের। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতিতে এর আগেও ইরানে মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। প্রসঙ্গত, মাহান এয়ারলাইন্স ইরানের অন্যতম বড়ো বেসরকারি বিমান পরিবহণ সংস্থা। ইরানের ইসলামিন রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে বহু বছর ধরেই মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে মাহানের উপর। আমেরিকার অভিযোগ, এই বিমান সংস্থা ইরানের হয়ে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে গোপনে অস্ত্র ও লোকবল জোগানের কাজ করে।