


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের রাজনগর থানার কবিলাসপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডবে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ধারালো অস্ত্র, বাঁশ ও শাবল নিয়ে এলোপাথাড়ি হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত ১০ জন গুরুতর জখমও হয়েছেন বলে খবর। অভিযুক্ত কানাই কুনুই ঘটনার পরই ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে পালিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। যখমদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সোমবার সকালে হঠাৎই উগ্র হয়ে ওঠে কানাই। প্রথমেই সে নিজের পরিবারের লোকজনের ওপর চড়াও হয়। অভিযুক্তের কাকা দুলাল কুনুই বলেন, ‘কানাই হঠাৎ করেই আমার ছেলের বউ, এক আত্মীয়ের ছেলে ও বাচ্চাকে মারে। আমাদের পরিবারেরই ছয় জনকে মেরেছে ও।’ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখম শিবানী কুনুই বলেন, ‘রান্না করতে বসেছিলাম, হঠাৎ ঘরে ঢুকে বাঁশ আর শাবল দিয়ে মারতে শুরু করল।’ পরিবারের ওপর তাণ্ডব চালানোর পর রাস্তায় বেরিয়ে শেখ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আক্রমণ করে ওই যুবক। তাতে তাঁর মৃত্যু হয়। নিহতের ভাগ্নে শেখ কামাল বলেন, ‘মামা রাস্তা দিয়ে আসছিলেন, তখন হঠাৎ করেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে মামার মাথায় কোপ মারতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মামার মৃত্যু হয়।