


লখনউ, ২৯ মার্চ: এটিএমে নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই চক্ষু চড়ক গাছ উত্তরপ্রদেশের এক গৃহবধুর। মহিলা দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকা জমা হয়েছে। কিন্তু কে বা কবে তা জমা হয়েছে তা একদমই অজানা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলার নাম সীতা তিনি উত্তরপ্রদেশের মৈনপুর জেলার বাসিন্দা। পরিবারের দাবি, হঠাৎ করেই তার অ্যাকাউন্টে ৯,৯৯,৪৯,৫৮৬ টাকা দেখে অবাক হয়ে যায় সবাই।
তাঁর ছেলে অরুণ কুমার জানান, তিনি এটিএমে গিয়েছিলেন নতুন পিন জেনারেট করতে এবং ব্যালান্স চেক করতে। সেই সময়ই তিনি এত বড় অঙ্কের টাকা দেখতে পান। তিনি বলেন, ‘আমি ব্যালান্স চেক করে দেখি প্রায় ৯ কোটি টাকার মতো দেখাচ্ছে। এই টাকা কার, আমরা জানি না’। তিনি আরও জানান, ব্যাংক খুললেই তারা সেখানে গিয়ে বিষয়টি জানাবেন।
সীতা নিজেও এই টাকা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি বলেন, ‘আমরা জানি না কীভাবে এই টাকা এসেছে। যার টাকা, সে যেন নিয়ে যায়’। সীতার স্বামী ফারজানও একই কথা বলেন। তিনি জানান, ‘তাদের পরিবার মূলত কৃষির উপর নির্ভরশীল এবং এই টাকার উপর তাদের কোনো অধিকার নেই, ব্যাংক খুললে আমরা গিয়ে টাকা ফেরত দেব’।
এদিকে, এটিএমে ব্যালান্স দেখার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যাংকের সুলতানগঞ্জ শাখার কর্মকর্তারা এই ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে ব্যাখ্যা করেছেন।