


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে পথসভা করছে বিজেপি। প্রতিদিন সন্ধ্যায় শিলিগুড়ি শহর ও গ্রামে বিভিন্ন মণ্ডল কমিটি পথসভা করছে। কিন্তু, তা জমছে না বলে অভিযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা সমস্ত মহিলারা না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতারা অবশ্য অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, মণ্ডলে মণ্ডলে পথসভা ব্যাপক সাড়া ফেলছে। এর ডিভিডেন্ট আগামী পুর ও পঞ্চায়েত ভোটে মিলবে।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, এই মাস জুড়ে পথসভার কর্মসূচি চলবে। এতে আমাদের দলের জনসংযোগ আরও নিবিড় হচ্ছে। প্রতিটি সভা নিয়েই আমজনতার মধ্যে আগ্রহ রয়েছে। এনিয়ে বিরোধীদের ঈর্ষা হচ্ছে। তাই তারা বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করার চেষ্টা করছে। এতে ওদের লাভ হবে না।
এবার বিধানসভা ভোটে ব্যাপক ফলাফল করে বিজেপি। রাজ্যে পালাবদল হয়। গত ৯ মে সরকার গঠন করে বিজেপি। ১৭ আগস্ট সরকার ১০০ দিন পূর্ণ করেছে। এজন্য এদিন সন্ধ্যায় শিলিগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে পথসভা করে বিজেপি। সভায় দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি রাজু সাহা, দলের জেলা নেতা বাপি পাল, কমল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নেতারা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরেন।
স্থানীয়দের অভিযোগ, পথসভায় বিজেপি নেতা-কর্মীদের সংখ্যাই বেশি। সাধারণ মানুষের তেমন ভিড় হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি বহু মহিলা। সম্ভবত এর প্রভাব ওই সভায় পড়েছে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি অবশ্য বলেন, বিনাপ্রচারে কিছুক্ষণের নোটিসে ওই কর্মসূচি হয়েছে। তাতে যথেষ্ট পরিমাণ লোক শামিল হয়েছেন। অনেকে চায়ের দোকানে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে সভার বক্তব্য শুনছিলেন। কাজেই, পথসভা সফল হয়েছে। আর যোগ্য সমস্ত মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে।
শুধু ১৫ নম্বর নয়, শহরের অন্যান্য ওয়ার্ড ও গ্রামীণ এলাকার পথসভাতেও একই ছবি ধরা পড়েছে। দলের ২৮টি মণ্ডলের মধ্যে বেশকিছু পথসভা হয়েছে। চলতি মাসের মধ্যে সর্বত্র এই কর্মসূচি শেষ হবে। • নিজস্ব চিত্র।