


মুম্বই: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার পরিবেশ দূষণ নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের পরিবেশ দপ্তরের মন্ত্রী পঙ্কজা মুন্ডে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি দুই আইএএস অফিসার। এমনকি হঠাৎ কোনো কাজ এসে পড়েছে এমন নয়। বৈঠক ডাকার পর তাঁরা মেসেজে জানান যে আসতে পারবেন না। কর্তব্যে গাফিলতির কারণে এরপরই সাসপেন্ডে করা হয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যুগ্ম ডিরেক্টর এবং সচিব স্তরের অফিসারকে। গত ২৬ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন চলাকালীন দূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গ ওঠে। তখনই স্পিকারকে মুন্ডে জানিয়ে দেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বৈঠকে গরহাজির ছিলেন যুগ্ম ডিরেক্টর সতীশ পাদভাল। পর্ষদের সচিব স্তরের অফিসার এম দেবেন্দ্র সিংও ছিলেন না। সেই জন্যই দূষণ নিয়ন্ত্রণ নিয়ে তিনি সার্বিক তথ্য দিতে পারবেন না।
এরপরই সভার তরফে বলা হয়, গুরুত্বপূর্ণ পদে থেকে সরকারি বৈঠকে অনুপস্থিত থাকা আদতে প্রশাসনিক কাজের প্রতি অসম্মান করা। একইসঙ্গে পঙ্কজা অভিযোগ করেন, সরকারি অফিসারদের এহেন মনোভাবের জেরেই সাধারণ মানুষের সামনে মন্ত্রীদের নির্বাক হয়ে থাকতে হয়। প্রোটেম স্পিকার দিলীপ লান্ডে তৎক্ষণাৎ ওই দুই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেন। সেইমতোই দুই আইএএস অফিসার পাদভাল এবং দেবেন্দ্র সিংকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দুই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। জানানো হয়েছে, তদন্ত চলাকালীন দুই অফিসার মুম্বই ছেড়ে যেতে পারবেন না।