


নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আপত্তিকর বিষয়বস্তু! এমনই অভিযোগে জম্মু ও কাশ্মীরে অরুন্ধতী রায়, এ জি নুরানি সহ একাধিক বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ করা হল। লেফটন্যান্ট গর্ভনর মনোজ সিনহার জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘এই বইগুলি জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে মিথ্যে প্রচার করছে। যা যুবসমাজের মননে গভীর প্রভাব ফেলবে। ফলে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সব মিলিয়ে মোট ২৫টি বইয়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘চিহ্নিত বইগুলিতে বিচ্ছিন্নতাবাদকে উস্কানি দেওয়া হয়েছে। যা ভারতের অখণ্ডতাকে বিপন্ন করতে পারে।’
নিষিদ্ধ হওয়া বইয়ের তালিকায় রয়েছে, সংবিধান বিশেষজ্ঞ নুরানির লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট’। সুমন্ত্র বোসের লেখা ‘কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস অ্যান্ড কনটেস্টেড ল্যান্ডস’। ডেভিড দেবাদাসের ‘ইন সার্চ অব আ ফিউচার: দ্য কাশ্মীর স্টোরি’। অরুন্ধতী রায়ের ‘আজাদি’, ‘ডিসম্যান্টলড স্টেট’, সাংবাদিক অনুরাধা ভাসিনের ‘দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মীর আফটার আর্টিকেল ৩৭০’ সহ বহু বই নিষেধাজ্ঞার তালিকায় এসেছে।