


গান্ধীনগর, ৩০ সেপ্টেম্বর: ৩০০০ কোটির মাদক সহ গ্রেপ্তার ৫ পাকিস্তানি। গুজরাতের উপকূল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে উপকূলে হানা, এরপরেই বড় সাফল্য। গুজরাত এটিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এটিএস গুজরাত এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাথে একটি গোয়েন্দা-নির্দেশিত যৌথ অভিযান চালানো হয়।
এটিএস সূত্রে জানা গিয়েছে, আরব সাগরে বিপুল পরিমাণে মাদক নিয়ে ঘোরাফেরা করছিল ইরানের একটি নৌকা। উপকূলরক্ষা বাহিনীকে দেখে তারা পালানোর চেষ্টা করে, তবে শেষ রক্ষা হল না। হাতে নাতে পাকরাও। তাদের থেকে উদ্ধার করা হয়েছে ৫২৬ কেজি হেরোইন এবং মেথামফেটামাইন। যার আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩০০০ কোটি টাকা। এছাড়াও পাঁচজন পাকিস্তানি নাবিককেও গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে গুজরাত এটিএস জানিয়েছে, উপকূলরক্ষা বাহিনী নেশা মুক্ত ভারত নিশ্চিত করতে, মাদক সিন্ডিকেট নির্মূল এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধ থেকে দেশকে রক্ষা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।