


মুম্বই: আট বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিলেন। তবে বেড়ানো আর হল না। তার আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সকলে। গত রবিবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। মৃতদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার রাত দু’টোর সময় একটি এসইউভিতে চেপে দাপোলি থেকে সাতারার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁরা সাতারা না পৌঁছানোয় খোঁজাখুঁজি শুরু করেন উদ্বিগ্ন আত্মীয়রা। কাউকে ফোনে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীদের শেষ মোবাইল লোকেশন যাচাই করে পোলাদপুরের কাছে হাজির হন আধিকারিকরা। আম্বেনালি ঘাটের কাছে ভাঙাচোরা অবস্থায় এসইউভিটি দেখতে পান পুলিশ আধিকারিকরা। এরপর হাজার ফুট গভীর একটি খাদ থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি। ফড়নবিশ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পাঁচটি টিম গঠন করে উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের (এনডিআরএফ) সাহায্য চাওয়া হয়। উদ্ধারে হাত লাগিয়েছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও। মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের একজনের বাড়ি মহারাষ্ট্রের রত্নগিরি জেলায়। বাকিদের বাড়ি সাতারায়।