


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। কিন্তু আচমকাই উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কমে যায় পানীয় জলের গতি। কোথাও জল পড়তে থাকে অত্যন্ত ধীর গতিতে, আবার কোথাও সম্পূর্ণ বন্ধ হয়ে যায় জল সরবরাহ। পরে জানা যায়, টালা এলাকায় একটি বড়সড় জলের পাইপ ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলস্টেশনের কাছে রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নীচে এই দুর্ঘটনা ঘটে। টালা রেল ইয়ার্ডের মধ্যে থাকা ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপলাইন ফেটে যায়। এই পাইপলাইনের মাধ্যমেই টালা থেকে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফেটে যাওয়ার জেরে স্বাভাবিকভাবেই জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়ে। তবে সেখানে অনেকগুলি পাইপের মধ্যে কেবল একটি মাত্র পাইপে এই বিপত্তি হওয়ায় জল সরবরাহে খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছে কলকাতা পৌর সংস্থা।
এই পাইপ ফেঁটে যাওয়ার জেরে বনমালী সরকার স্ট্রিট-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, বনমালী সরকার স্ট্রিটের সংশ্লিষ্ট এলাকাটি আগে কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল। বর্তমানে সেটি ৯ নম্বর ওয়ার্ডের অধীনে। সকালে আচমকা জল সরবরাহ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন উত্তর কলকাতার বহু এলাকার বাসিন্দারা। ফেটে যাওয়া পাইপলাইন মেরামতির কাজ এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কেএমসি। কী কারণে ওই পাইপ ফাটল তাও খতিয়ে দেখা হচ্ছে।