


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই এলাকা কিন্তু দুটি আলাদা আলাদা কালীপুজো। আর কার পুজোর আয়োজন সবচেয়ে ভালো হয়েছে সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এরপর হঠাৎই বিবাদ চরম আকার ধারণ করে। সেই সময়ই এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার সরশুনার রক্ষিতপাড়া এলাকায়। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ সরশুনার রক্ষিতপাড়া এলাকায় ওই দুই যুবকের মধ্যে আচমকাই বচসা শুরু হয়। তাঁদের নাম রাজ পাল (২৩) এবং দীনেশ শর্মা (৪০)। দুজনেই ওই এলাকারই বাসিন্দা। কোন মণ্ডপ কমিটি ভালোভাবে পুজোর আয়োজন করেছে সেই নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তারপর বাগবিতণ্ডা চরমে পৌঁছলে অভিযুক্ত রাজ আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে দুবার গুলি চালায়। তারপর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত রাজ পালকে খুঁজে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।