


নয়াদিল্লি,২৭ আগস্ট: ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। এই পরিস্থিতিতে বিপর্যস্ত প্রতিবেশী দেশের পাশে থাকার কথা ঘোষণা করেছে ভারত। গতকালই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। তারপরই ১০ টন ত্রাণ নিয়ে উড়ে গিয়েছিল ভারতীয় বিমান। আজ আরেকটি বিমান দিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয় ৩৭.৫ টন মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী নিয়ে। ভারত থেকে তাঁবু, কম্বল, স্বাস্থ্যবিধি রক্ষা সরঞ্জাম, সোলার ল্যাম্প, ওষুধের মত জরুরী সামগ্রী পাঠানো হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে শুকনো খাবারের প্যাকেট। এদিন ত্রাণ পাঠানো নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর সমাজ মাধ্যমে জানান, ভারত নেপাল প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছে। ভারত বিপর্যস্ত প্রতিবেশী দেশের কাছে প্রয়োজনীয় ত্রাণ পাঠানো চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই নেপালের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর সমাজ মাধ্যমে জানান, এই কঠিন পরিস্থিতিতে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে।বিপর্যস্ত নেপালে সব ধরণের মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। ত্রাণ পৌঁছালো এবং উদ্ধার কাজের ব্যাপারে আমরা নেপালের সঙ্গে নিবিড় ভাবে সমন্বয় রাখব। নয়াদিল্লি সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যে নেপালে আরও ত্রাণ সামগ্রী পাঠাবে ভারত।