


সংবাদদাতা, ময়নাগুড়ি: নাতিকে দেখার জন্যই শিলিগুড়ির বাড়ি থেকে গ্রামের বাড়ির উদ্দেশে গতকাল বাসে চেপে রওনা দিয়েছিলেন যমুনা রায় ও তাঁর স্বামী মধু রায়। কিন্তু নাতিকে আর দেখা হলো না। পরিবার সূত্রে খবর, মধু রায় ও তাঁর স্ত্রী যমুনা রায় ছোট ছেলের সঙ্গে শিলিগুড়িতে থাকেন। ছোট ছেলে শিলিগুড়িতে একটি দোকানে কাজ করেন। ময়নাগুড়িতে থাকেন বড় ছেলে, বৌমা ও নাতি। ছেলেকে যমুনা রায় জানিয়েছিলেন, এক সপ্তাহ পর নাতিকে দেখতে যাব। যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। খবর পেয়ে বড় ছেলে দীপ রায় ঘটনাস্থলে যান। দেখেন দুর্ঘটনায় বাবা ও মা দুজনেই আহত হয়েছেন। এরপর হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তাঁর মায়ের। অন্যদিকে দুর্ঘটনায় জখম মধু রায় আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দুটি পায়ের হাড় ও কাঁধের হাড় ভেঙে গিয়েছে।