


তেহরান: সাতদিনের জন্য হরমুজ প্রণালী খোলার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ওয়াশিংটনকে কড়া বার্তা দিল তেহরান। সেনার মুখপাত্র মহম্মদ আক্রামিনিয়ার হুঁশিয়ারি, ফের হামলা চালালে বড়োসড়ো ক্ষয়ক্ষতির মুখে পড়বে আমেরিকা। আমির হাতামি নামে এক সেনা কমান্ডার জানান, সামরিক হামলার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। তাঁর স্পষ্ট বার্তা, ‘যুদ্ধ শেষ হয়নি। আমরা জিতে গিয়েছি। এবার সেই জয়কে দৃঢ়ভাবে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আগ্রাসী শত্রুপক্ষ একাধিকবার ধাক্কা খেয়েছে। তবে ভবিষ্যতে আরও বড়ো ধাক্কা দিতে পারে ইরানের সেনা। তার জন্য প্রস্তুত থাকতে হবে।’ হরমুজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরান যদি বাণিজ্য না করতে পারে, তাহলে বাকিরাও করতে পারবে না। হরমুজ আমাদের মর্যাদা। দেশের মানুষকে বঞ্চিত করে শত্রুদের এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না।’
শনিবার হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব খারিজ করে দেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ওরা একটা প্রস্তাব দিয়েছিল। আমি সেটা নাকচ করে দিয়েছি। খুব বাজেভাবে হেরে যাচ্ছে ইরান। তাই ওরা হরমুজ প্রণালী খুলতে তড়িঘড়ি চুক্তি করতে চাইছে।’ মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরেও আশার আলো দেখছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর দৃঢ় বিশ্বাস, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সদর্থক উত্তর দেবে ওয়াশিংটন। আরাঘচি বলেন, ‘বিতর্কিত মন্তব্যের পাশাপাশি কিছু ভালো কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওঁর কাছ থেকে প্রায়শই বিতর্কিত কথা শুনতে পাই। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধুমাত্র আলোচনার মাধ্যমে হরমুজের জট কাটানো সম্ভব।’