


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে আগামী মঙ্গলবার ফের মাঠে নামছে মোহন বাগান। যুবভারতীতে পানোস ব্রিগেডের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। তবে ম্যাচের আগে আপুইয়াকে নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। মিজো ফুটবলার রবিবার অনুশীলন করেননি। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। গত মরশুমে হ্যামস্ট্রিংয়ের চোট ভুগিয়েছে আপুইয়াকে। আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। মরশুম সবে শুরু। প্রি-সিজন চলছে পুরোদমে। তার উপর অল্প কয়েকদিনের প্রস্তুতিতে ডার্বি খেলতে হয়েছে। পায়ের পেশিতে চাপ পড়া স্বাভাবিক। তবে মোহন বাগান থিঙ্কট্যাঙ্কের ধারণা, কিছুদিন বিশ্রাম পেলেই ফিট হয়ে যাবেন আপুইয়া। সামনে লম্বা মরশুম। তাই আপুইয়াকে নিয়ে অহেতুক তাড়াহুড়োয় নারাজ তারা।
এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারল মোহন বাগান। ডার্বিতে সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হয়েছিল ড্র্যাজিচের। সেদিন তাঁকে অল্প সময়ের জন্য মাঠে নামান কোচ পানোস। ভিসা সমস্যায় দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন আলবার্তো। তাঁকেও সময় দিয়ে শেপে আনতে চান পানোস। এদিকে, রবিবার গভীর রাতে কলকাতায় আসার কথা ছিল ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের। কিন্তু বিমান বিভ্রাটে তিনি আটকে গিয়েছেন। পাশাপাশি জেমি ম্যাকলারেনের প্রতীক্ষায় সবুজ-মেরুন শিবির।
এদিকে, সোমবার ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ বিএসএস। টানা পাঁচ ম্যাচ জেতার হাতছানি লাল-হলুদ ব্রিগেডের সামনে।
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল ৩টে। সম্প্রচার নম্বর টেন অ্যাপে।