


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এবার আরামবাগ উৎসবের নামও বদল করা হল। গত বছর পর্যন্ত নাম ছিল ‘আরামবাগ উৎসব’। এবার নতুন নাম হয়েছে ‘অটল আরামবাগ উৎসব’। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে উৎসবের নামকরণ করা হয়েছে। উৎসবের ব্যানারেও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির ছবিও রাখা হয়েছে। উৎসবের নাম বদল ঘিরে আরামবাগে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এব্যাপারে তৃণমূল নেতৃত্ব কোনো মন্তব্য করতে চায়নি। তবে, সিপিএমের আরামবাগ এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল বলেন, আরামবাগ বরাবরই সংস্কৃতি মনস্ক এলাকা। সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব হয়। তাছাড়া উৎসবের আয়োজক পুরসভা। সেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকে। কোনো রং থাকে না। ফলে এই উৎসবের নাম কোনো ব্যক্তির সঙ্গে সংযুক্ত করা হলে তা রাজনৈতিক ভাবনা। এর থেকে পরিষ্কার হয় উৎসবটি কোনো এক বিশেষ রাজনৈতিক দলের বলে চালানোর চেষ্টা হচ্ছে, যা সমীচীন নয় বলেই আমরা মনে করি।
আরামবাগ উৎসব কমিটির সভাপতি তথা আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, বিগত দিনেও উৎসবের নাম বদল হয়েছে। এবার রাজ্যে রাষ্ট্রবাদী সরকার এসেছে। তাই আমরা উৎসবের নাম শ্রদ্ধেয় অটলজির নামে করেছি। এই ঘটনায় বিতর্কের কিছু নেই। অটলজি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সেক্ষেত্রে তিনি সবারই প্রধানমন্ত্রী ছিলেন। ফলে উৎসবও সবারই হবে। বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। তাই অযথা চর্চা করছে।
উৎসব কমিটির সদস্য তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, আরামবাগ উৎসব পরিচালনায় একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত মতোই নামকরণ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর অটলজির জন্মদিবস। সেইদিনই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের একাধিক প্রকল্পের নাম বদল হয়েছে। বদল হয়েছে রঙেরও। তৃণমূল সরকারের দেওয়া একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। এবার আরামবাগ উৎসবের ক্ষেত্রেও বদল আনা হল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আরামবাগ পুরসভা প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করে থাকে। আরামবাগ হাইস্কুলের মাঠে বিশাল মেলা বসে। তারসঙ্গে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে বিজেপি এসেছে। কিন্তু, আরামবাগ পুরসভায় আপাতত নির্বাচিত বোর্ড নেই। তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য। বর্তমানে প্রশাসকের দায়িত্বে রয়েছে পুরসভা। বিগত দিনে কাউন্সিলাররাও উৎসব কমিটিতে থাকতেন। কিন্তু, এবার তাঁদের কেউ নেই। বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটি কমিটি গঠন করে উৎসব পরিচালনা হতে চলছে। আগামী ৩১ অক্টোবর উৎসব উপলক্ষ্যে একটি বৈঠকও ডাকা হয়েছে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে অটল আরামবাগ উৎসবের অধীনে সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে। সারা মাসজুড়ে আরও নানা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে। উৎসবের মূল মঞ্চে সফল প্রতিযোগীদের পুরস্কার দেবে পুরসভা। অটল আরামবাগ উৎসবের প্রচার চলছে। -নিজস্ব চিত্র