


ইসলামাবাদ, ১১ ফেব্রুয়ারি: পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেনে বড়সড় হামলা চালাল বালোচ বিদ্রোহী গোষ্ঠী। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে ট্রেনের চালক সহ প্রায় ১২০ জন যাত্রীকে তারা পণবন্দি করেছে। 'দ্য বালোচ লিবারেশন আর্মি' নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা জানিয়েছে, বর্তমানে গোটা ট্রেনটি তাদের হেফাজতে রয়েছে। পাশাপাশি, এই ঘটনায় পাকিস্তানের ৬ জন সেনার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে ।
পাকিস্তানের রেল সূত্রে খবর, এদিন জাফার এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটি দক্ষিণ-পশ্চিম বালোচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ার শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছু সময় পরই ট্রেনটিতে হামলা চালায় ওই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। 'দ্য বালোচ লিবারেশন আর্মি' তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, বন্দিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের একাধিক সেনা আধিকারিক, পুলিস এবং পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। যদিও তাদের দাবি, মহিলা, শিশু এবং বালোচিস্তানের যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না তা বালোচিস্তানের সরকার বা রেলের তরফ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসেছে বালোচিস্তানের প্রাদেশিক সরকার। এ প্রসঙ্গে সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, "পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা করেছে। পাশাপাশি, তদন্তকারী সংস্থাগুলিকেও সক্রিয় করা হয়েছে।" অন্যদিকে, রেলের তরফ থেকে নিরাপত্তারক্ষীদের একটি দলকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।