


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস চুক্তি না হওয়ায় আইএসএলের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে সেই কথা জানিয়ে দিয়েছে ফেডারেশনের মার্কেটিং পার্টনার। ফলেই ফুটবল মরশুম ঘিরে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্পোর্টস কোড চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই কল্যাণ চৌবের কমিটি। তারই মধ্যে আরও একবার ফেডারেশন কর্তাদের সমালোচনায় মুখর হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। শুধু তাই নয়, আইএসএলের মান নিয়েও তুললেন প্রশ্ন।
বাইচুংয়ের সাফ মন্তব্য, ‘এই লিগ শুরু হওয়ার পর একফোঁটাও এগয়নি দেশের ফুটবল। এক কথায়, ভারতীয় ফুটবলকে পথ দেখাতে ব্যর্থ আইএসএল। সেটা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থানই বলে দিচ্ছে। আমি নিজে কখনও আইএসএল খেলেনি। তা সত্ত্বেও আমরা এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিলাম। তখন টুর্নামেন্টে ১৪টি দল অংশগ্রহণ করত। আর সেই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৪। তা সত্ত্বেও আমরা যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছি। ফলে এবার সময় এসেছে দেশের সেরা লিগের মান নিয়ে প্রশ্ন তোলার।’এরপরই তিনি ফেডারেশন বর্তমান কমিটির সমালোচনা করে বলেন, ‘দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারও মধ্যে কোনওরকম পরিকল্পনা নেই। আমরা সকলেই জানতাম যে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। ২০২০ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের পরই যদি এই সংবিধান ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতো, তাহলে কোনও সমস্যাই থাকত না। কিন্তু সেই সময় কেউ এটা নিয়ে গুরুত্ব দেয়নি। তাই আজ এই অবস্থা।’