


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোর সাড়ে ৩টে নাগাদ নিউ আলিপুরের অভিজাত এলাকার এক বহুতলের রেইন পাইপ বেয়ে চারতলার ব্যালকনি পৌঁছে যায় এক দুষ্কৃতী! তারপর ব্যালকনির খোলা দরজা দিয়ে সটান শোওয়ার ঘরে ঢুকে পড়ে সে। ভোরে রাতে বাড়িতে তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগকে কাজে লাগিয়ে নগদ আড়াই লক্ষ টাকা, সোনা বাঁধানো দু’টি পলা, ব্যাঙ্কের চেকবই, ডেবিট কার্ড, পাসপোর্ট, দলিলের মতো নথিপত্র হাতিয়ে উধাও হয়ে যায় ওই দুষ্কৃতী।
চলতি মাসের ১৭ তারিখ ভোররাতের এই দুঃসাহসিক চুরির পর বাড়ির মালিক জীতেন্দ্র শাহ লিখিত অভিযোগ দায়ের করেন নিউ আলিপুর থানায়। স্থানীয় থানার পাশাপাশি এই দুঃসাহসিক চুরির কিনারায় তদন্তে নামেন লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। গোয়েন্দারা নিউ আলিপুরে কয়েক কিলোমিটার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে আলো-আঁধারিতে দুষ্কৃতীর অবয়বের হদিস পান। পরে সেই ছবি সোর্সদের মধ্যে ছড়িয়ে দেন লালবাজারের গোয়েন্দারা। আর তাতেই আসল লোকের হদিস মিলে যায়। এরপর সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তারাতলা থানার নেচার পার্কের কাছ থেকে মঙ্গলবার সন্ধ্যায় নুর নবী ভাঙ্গিকে (২৭) গ্রেপ্তার করেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
লালবাজারের এক সূত্র জানাচ্ছে, সোর্সের মাধ্যমে গোয়েন্দারা জানতে পারেন যে, আদতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা নুর বর্তমানে মহেশতলাতে সপরিবারে বসবাস করছিল। লালবাজারের খাতায় ‘দাগী’ বলেই পরিচিত এই নুরকে অতীতে একাধিকবার গ্রেপ্তারও করেছে লালবাজার। ধৃতকে আজ বুধবার আলিপুর আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৫ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।