


দুবাই: ইউক্রেন নিয়ে আমেরিকাকে পালটা জবাব! চলতি যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে রাশিয়ার সহযোগিতার রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে। এবার রাশিয়াপন্থী চেচেন সামরিক বাহিনী ইরানে গিয়ে তাদের সাহায্যের ইচ্ছাপ্রকাশ করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলপথে অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন। সেই আবহেই মস্কো ঘনিষ্ঠ চেচনিয়ার বাহিনী ইরানের সশস্ত্র সেনাকে সহায়তা করতে চেয়েছে বলে দাবি ইরানের সরকার পরিচালিত প্রেস টিভির।
এর আগে ইয়েমেনের হুথি বাহিনীও তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। তারই মধ্যে এবার চেচেন যোদ্ধারাও ইরানকে সাহায্যের ইচ্ছাপ্রকাশ করল। এই চেচেন যোদ্ধারা সাধারণত কাডাইরোভাইট নামে পরিচিত। রমজান কাডাইরভের নেতৃত্বে তারা কাজ করে। রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থার অন্যতম সহায়ক এই বাহিনী। ঘটনাচক্রে, ইরানে স্থলপথে অভিযান শুরুর ইঙ্গিত হিসাবে মার্কিন এলিট বাহিনী ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনা ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় চলে এসেছে। এই প্যারাট্রুপারদের পাশাপাশি প্রায় ২ হাজার ৫০০ মেরিনকেও পাঠানো হয়েছে ওই অঞ্চলে। তারই মধ্যে রাশিয়াপন্থী চেনেন বাহিনীর যুদ্ধে অংশগ্রহণের প্রস্তাব নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। কারণ ইরানকে চলতি যুদ্ধে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রযুক্তি দিয়ে রাশিয়া সাহায্য করছে বলে একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে দাবি, নিজেদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে মস্কো। সেই লক্ষ্যেই গোপনে তেহরানকে সহযোগিতা করে চলেছে রাশিয়া। সিবিএস নিউজের আবার দাবি, এই সাহায্যের বহর আমেরিকা যতটা স্বীকার করছে, বাস্তবে তার চেয়েও বেশি। ব্রিটেন সহ ইউরোপের সহযোগী দেশগুলি মার্কিন কূটনীতিকদের এই তথ্য জানিয়েছে।