


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিনের বিরতি। মঙ্গলবার ফের মাঠে নামবে মোহন বাগান। হোম ম্যাচে প্রতিপক্ষ ইন্টার কাশী। তার আগে মাঝমাঠ নিয়ে চিন্তায় সবুজ-মেরুন কোচ সের্গিও লোবেরা। গোয়ার বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে ফেরেন আপুইয়া। ড্র্যাজিককে শান্ত রাখতে অনেকটাই সফল তিনি। কিন্তু পুরানো জায়গায় চোট পাওয়ায় বিরতিতে তাঁকে তুলে নেন স্প্যানিশ কোচ। ফলে মঙ্গলবার মিজো মিডিওকে নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই মোহন বাগান দলে সবচেয়ে বড় সমস্যা মাঝমাঠে দক্ষ ফিডারের অভাব। দলে একাধিক স্কোরার। কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মত বল ধরে খেলা পরিচালনা করার প্লেয়ার কোথায়? শনিবার সাহালকে সেই ভূমিকায় বড়ো সাদামাটা লেগেছে। ফলে মিডফিল্ড থেকে বল সাপ্লাই না হলে মাথা ভারী দল নিয়ে কী লাভ! চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখনও প্রবলভাবে রয়েছে পালতোলা নৌকা বাহিনী। অবশ্য তার জন্য বাকি তিন ম্যাচেই জিততে হবে। ইন্টার কাশীর বিরুদ্ধে মাঝমাঠের এই দুর্বলতা ঢাকাই এখন বড় চ্যালেঞ্জ কোচ লোবেরার।
এদিকে, রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে বশ মানল মহমেডান স্পোর্টিং। আর তারই সঙ্গে আইএসএলে অবনমন কার্যত নিশ্চিত করে ফেলল শতাব্দীপ্রাচীন ক্লাব। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩।