


নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধান পরিষদের নির্বাচনে ভোটার তালিকায় নাম-বিভ্রাট শোরগোল ফেলে দিয়েছে। সেখানে কোনো ভোটারের নাম ‘রাম নে যাদব কো মারা’, কারও বাবার নাম আবার ‘বি.কম’। এইসব অসংখ্য ত্রুটির জন্য নতুন সফটওয়্যারকে দায়ি করেছে নির্বাচন কমিশন। তাদের ব্যাখ্যা, নামগুলিকে ইংরেজি বানান থেকে হিন্দি হরফে পরিণত করতে গিয়ে ওই সফটওয়্যার আক্ষরিক অনুবাদ করে ফেলায় এই বিভ্রান্তি। আর সেই আবহেই শনিবার কংগ্রেস দাবি তুলল, গোটা দেশের ভোটার তালিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। স্থগিত রাখতে হবে এসআইআর প্রক্রিয়া। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের তোপ, বিজেপিকে সাহায্য করতে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। কমিশন এই ষড়যন্ত্রের দায় সফটওয়্যারের উপর চাপিয়ে দিতে চাইছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, গণতন্ত্র ও ভোটার তালিকার শুদ্ধতা ইসিআইনেট ও সফটওয়্যারের কৃপায় ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই শুদ্ধতা নিশ্চিত করার দায় সফটওয়্যারের নয়, নির্বাচন কমিশনের।
এদিন এক্স হ্যান্ডলে রমেশ লিখেছেন, ‘আমাদের পরিষ্কার দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। বিজেপিকে সাহায্যের লক্ষ্য নিয়ে যে ভুয়ো এসআইআর প্রক্রিয়া চলছে, তা এখনই স্থগিত করতে হবে।’ তাঁর অভিযোগ, ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট নির্বাচন কমিশনের সঙ্গে তাল মিলিয়ে ‘চুরি’ করেছে বিজেপি। এই কংগ্রেস নেতার প্রশ্ন, উত্তরপ্রদেশে বিধান পরিষদের নির্বাচনে যদি এমন ত্রুটি হয়ে
থাকে, তাহলে অন্যান্য নির্বাচনে তা হয়নি সেই দাবি কমিশন কীভাবে করতে পারে? রমেশ লিখেছেন, ‘ভোটার তালিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে ও সম্পূর্ণভাবে মেশিন-রিডেবল ডেটা প্রকাশ করতে হবে। সমস্ত যোগ্য নাগরিকের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে হবে।’