


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিম্নচাপের লাগাতার বৃষ্টির ফলে প্রবল দুর্ভোগের মুখে পড়তে হয়েছে রেল যাত্রীদের। মঙ্গলবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল দেরিতে চলেছে। দক্ষিণ-পূর্ব শাখাতেও বিলম্বে চলেছে ট্রেন। তবে ট্রেন দীর্ঘক্ষণের জন্য লেট হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে এমন ঘটনা ঘটেনি বলে দাবি।
পূর্ব রেল কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে যাতে বড়সড় কোনও বিভ্রাট না ঘটে সেজন্য আগেভাগেই নেওয়া হয়েছিল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। ট্র্যাকে জল জমা আটকাতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল পাম্প। ট্রেন লাইনের আশপাশে থাকা জলাশয়গুলি আগেভাগে সাফ করে রাখা হয়েছিল। পাশাপাশি বিদ্যুৎজনিত গোলযোগ আটকাতে ব্যবহার হয়েছে ডিজেল জেনারেটর। ট্র্যাকের পাশে থাকা বড় আকারের গাছের ডাল ছেঁটে দেওয়ার কাজও হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন,‘দুর্যোগ হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ওভারহেড ইক্যুপমেন্ট, সিগন্যাল-টেলিকমের যাবতীয় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।’ যদিও এদিন সকালে লিলুয়া কারশেডে জল জমে যাওয়ায় হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেন যাতায়াতে সমস্যা দেখা দেয়। দুপুর পর্যন্ত হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল, বর্ধমানগামী লোকাল ট্রেন গড়ে প্রায় ২০ মিনিট দেরিতে চলেছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া-আমতা লাইনেও কয়েকটি লোকাল দেরিতে চলেছে বলে খবর। তবে এই শাখায় ট্রেন বাতিল হয়নি। বড় ধরনের কোনও সমস্যা দেখা দেয়নি বলে জানান মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ।