


হাওড়া জেলার আমতা বিধানসভার খালনা গ্রামের বিখ্যাত লক্ষ্মী পুজো নিয়ে আজ, সোমবার একটা সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা, আমতার বিধায়ক অমিত সামন্ত, পুলিশের পদস্থ কর্তারা সহ পুজো কমিটির লোকজন। এদিনের এই বৈঠকে মন্ডপ, সাউন্ড, পার্কিং, ভিড় সামলানো-সহ প্রবেশ ও বাহিরে যাওয়ার রাস্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরেও দেখা হয়। প্রসঙ্গত, খালনা গ্রামের লক্ষ্মী পুজো রাজ্যের অন্যতম বিখ্যাত উৎসব। ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক পুজো হয় এখানে। সুদৃশ্য মন্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা ছাড়াও অভিনব প্রতিমা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান এখানে।