


লন্ডন, ১৬ সেপ্টেম্বর: প্রিয় নায়ককে দেখতে শয়ে শয়ে ভক্তদের ভিড়। কিন্তু দেখা মেলেনি তাঁর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অর্থাৎ জোসেফ বিজয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় লন্ডনে। আর সেখানে এক ঝলক তাঁকে দেখতে লন্ডনের অন্যতম প্রধান আকর্ষণ দ্য শার্ড এর সামনে জড়ো হয়েছিলেন শত শত ভক্তরা। কিন্তু বিপুল ভিড়ের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় সেখানে। অবশেষে বাতিল হয়ে যায় থালাপতি বিজয়ের অনুষ্ঠানটি। ভক্তদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। অনুষ্ঠানের বাতিলের খবর ঘোষণা করা হলে স্বাভাবিকভাবেই হতাশ হন তাঁরা। মুখ্যমন্ত্রীর দলের এক সদস্য জানিয়েছেন, জননিরাপত্তার জেরেই এই অনুষ্ঠানটি বাতিল করা হয়।
জানা গিয়েছে, বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু সরকারের একটি প্রতিনিধি দল বর্তমানে লন্ডনে রয়েছে। মূলত বিদেশি বিনিয়োগ টানাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। সফর চলাকালীন একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে প্রায় ১২,৩০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে তামিলনাড়ু রাজ্যে। এই উদ্যোগের মাধ্যমে তামিলনাড়ুকে উন্নত উৎপাদন ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে থালাপতির দল। প্রস্তাবিত প্রকল্পগুলিতে ৯,৪০০ রও বেশি উচ্চমূল্যের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। থালাপতি বিজয়ের এই সফর আজ বুধবার শেষ হওয়ার কথা বলে সূত্রের খবর। এরপরই তাঁর ফিরবে ভারতে।