


নয়াদিল্লি: কয়েকশো কোটি টাকার সাইবার জালিয়াতি এবং আর্থিক তছরুপ। এই মামলায় জড়িত সন্দেহে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতদের নাম অশোককুমার শর্মা এবং ভাস্কর যাদব। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ধৃতরা আগাম জামিন চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রতিবারই তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। এরপর আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্তরা। তাঁদের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে। ইডি সূত্রে খবর, ধৃতরা ৬৪১ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে জড়িত বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, ওই দুই সিএ একটি বড়ো সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। ওই চক্রটি ভারতের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে টার্গেট করত। ভুয়ো সংস্থায় বিনিয়োগ, পার্ট-টাইম চাকরির টোপ দিয়ে ফাঁদে ফেলা হত তাঁদের। এরপর ভুয়ো কিউআর কোডের সাহায্যে টাকা হাতিয়ে নিত তারা। এরপর ওই টাকা বিভিন্ন ‘ভাড়া’ করা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত জালিয়াতরা। পরের ধাপে, ভুয়ো সংস্থার মাধ্যমে সেই টাকা ছড়িয়ে দেওয়া হত। ফলে টাকার উত্স জানতে সমস্যায় পড়তেন তদন্তকারীরা। ইডি জানিয়েছে, টাকা হাতানো থেকে পাচার—পুরো প্রক্রিয়ার জন্য শিক্ষিতদের সাহায্য নিত ওই জালিয়াত সিন্ডিকেট।