


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি স্টেশনে যাত্রী সাধারণের ভিড় দিন দিন বাড়ছে। অধিকাংশ আপ এবং ডাউন ট্রেন তিন, চার, পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তিন, চার, পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়া-আসা করার জন্য যাত্রীদের ওভারব্রিজ পার করে আর বি সি রোড বা অরবিন্দ রোডে যেতে, আসতে হয়। এমন অবস্থায় প্রতিটি প্লাটফর্মে লিফট বা এস্কালেটর তৈরির জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে। বর্তমানে স্টেশনে একটি এস্কালেটর অবশ্য আছে, তবে সেটি দীর্ঘদিন বন্ধ।
তিনি চিঠিতে লিখেছেন, নৈহাটির বড়মার মন্দিরে দিন দিন ভিড় বাড়ছে। অধিকাংশ দর্শনার্থীই ট্রেনে আসা-যাওয়া করেন। কিন্তু বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষমদের ট্রেন থেকে নেমে অরবিন্দ রোডে আসতে খুব সমস্যা হয়। বর্তমানে ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটি এস্কালেটর আছে। কিন্তু সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। নতুন করে ছয় নম্বর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেখানে নৈহাটি লোকাল দাঁড়ায়। একটি ওভারব্রিজও তৈরি করা হচ্ছে। তার কাজ এখনো শেষ হয়নি। এমন অবস্থায় রেলযাত্রীদের সুবিধার্থে প্রতিটি প্ল্যাটফর্মে একটি করে লিফট বা এস্কালেটর তৈরি করা হোক। পূর্ব রেলের ডিআরএমকেও ওই চিঠি পাঠিয়েছেন তিনি।
নৈহাটিকে মডেল স্টেশন বলে তৈরি করার পরিকল্পনা নিয়েছে রেল। সেজন্য ডিআরএম কিছুদিন আগে এই স্টেশন দেখেও গিয়েছেন। এখন সৌন্দর্যায়নের কাজ চলছে। তবে জংশন স্টেশন হলেও এখানে যাত্রী স্বাচ্ছন্দ নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। সাবওয়ে তৈরি হলেও একটু বৃষ্টিতে সেখানে জল জমে যাচ্ছে। স্টেশনে আসা রেলযাত্রীদের মোটরবাইক বা সাইকেল রাখার ক্ষেত্রেও খুব সমস্যা হচ্ছে। ওভারব্রিজ তৈরির কাজও এখনো শেষ
হয়নি।