


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের যেসব রেশন কার্ড ‘সন্দেহজনক’ হিসাবে চিহ্নিত হয়েছে, সেগুলির তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে তার জন্য সক্রিয় হয়েছে রাজ্য খাদ্যদপ্তর। গোটা দেশে প্রথম পর্যায়ে প্রায় ৬ কোটি এমন রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে চিহ্নিত করা হয় ১৭ লক্ষের বেশি কিছু কার্ড। রাজ্যে বিগত সরকারের সময় এর মধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ কার্ডের উপর তদন্ত প্রক্রিয়া শেষ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া অনেক ধীর গতিতে চলছিল। সম্প্রতি রাজ্য খাদ্যদপ্তরের পর্যালোচনা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। খাদ্যদপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার চিহ্নিত রেশন কার্ডগুলির যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। সব রকম নিয়ম মেনে বেআইনি ও অস্তিত্বহীন কার্ডগুলি বাতিল করতে হবে। রাজ্য খাদ্যদপ্তর এর পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ডগুলি বাতিল করার জন্য বিশেষ অভিযান জুন মাস থেকে চালু করেছে। এই কাজ ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রকের সহায়তায় গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ডগুলির মধ্যে ‘সন্দেহজনক’গুলি চিহ্নিত করছে, যাদের বিনা পয়সায় খাদ্য পাওয়ার বৈধতা নেই। আয়কর দপ্তরের সাহায্যে ৬ লক্ষ টাকা বা তার বেশি আয়ের রেশন কার্ডধারী পরিবারগুলি চিহ্নিত করা হয়েছে। কোম্পানি মন্ত্রকের সহযোগিতায় বিভিন্ন সংস্থার ডিরেক্টর পদে থাকা রেশন কার্ডধারীদেরও চিহ্নিত করেছে কেন্দ্র। তাছাড়া আধার নম্বর ব্যবহার করে একাধিক রাজ্যে থাকা কার্ড, মৃত ব্যক্তিসহ আরও কিছু শ্রেণির রেশন কার্ড চিহ্নিত করেছে কেন্দ্র। এই কার্ডধারীদের সম্পর্কে তদন্ত করে তা বাতিল করার দায়িত্ব রাজ্য সরকারগুলিকে দেওয়া হয়েছে। সেটা করতে গিয়ে যাতে বৈধ রেশন গ্রাহকদের বাদ দেওয়া না হয়, তা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করেছেন রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।