


নয়াদিল্লি: গত ২ বছরে ৯৩ হাজারেরও বেশি মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে গোটা রাজ্যে। এর মধ্যে প্রায় ২৬ হাজারের কোনো খোঁজই পায়নি পুলিশ ও প্রশাসন। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারের আমলে নারী সুরক্ষার বেহাল দশা মহারাষ্ট্রে। তথ্য বলছে, শুধুমাত্র ২০২৫ সালেই মারাঠাভূমে নিখোঁজ হয়েছেন ৪৮ হাজার মহিলা। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪৫ হাজার। তাঁদের মধ্যে যথাক্রমে ৩০ হাজার ৮৭৭ জন ও ৩৬ হাজার ৫৮১ জনকে উদ্ধার করেছে পুলিশ। একই ছবি আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও। গত ৬ বছরে সে রাজ্যে নিখোঁজ হয়ে যাওয়া ৫০ হাজার মহিলার উদ্ধার করা যায়নি।
সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভায় রাজ্যের নিখোঁজ হওয়া মানুষদের পরিসংখ্যান দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। সেখান থেকেই সামনে এসেছে নারী ও শিশু সুরক্ষার এই উদ্বেগজনক তথ্য। সরকারি পরিসংখ্যানেই বলা হয়েছে, ২০২৪ সালে নিখোঁজ নাবালিকার সংখ্যা ছিল ১১ হাজার ৩১৩ জন। ২০২৫ সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ১১৩। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গত বছরেই মুম্বই, নবি মুম্বই, রায়গড়, নাগপুর ও ছত্রপতি শিবাজিনগর থেকে নিখোঁজ হয়েছে ৪ হাজার ৯৮৯ জন কিশোর-কিশোরী। তাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। যদিও ৪ হাজার ৮১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মধ্যপ্রদেশে মহিলাদের নিখোঁজ হওয়া নিয়ে বিধানসভায় প্রশ্ন করেছিলেন এক কংগ্রেস বিধায়ক। উত্তরে সরকার জানিয়েছে, গত ৬ বছরে মধ্যপ্রদেশে নিখোঁজ হয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ মহিলা। তাঁদের মধ্যে ৫০ হাজারের বেশি মহিলার খোঁজই পাওয়া যায়নি। এই তালিকার শীর্ষে রয়েছে ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, জব্বলপুরের মতো শহরগুলি।