


শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে নেতিবাচক প্রভাব পড়েছে অমরনাথ যাত্রায়। গত বছরের তুলনায় এবারে ১০ শতাংশ কম পুণ্যার্থী নাম নথিভুক্ত করেছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা। রাজভবনে তিনি জানান, ‘২২ এপ্রিল জঙ্গি হামলার আগে পর্যন্ত বেশ ভালোভাবেই নাম নথিভুক্তকরণ চলছিল। ২ লক্ষ ৩৬ হাজার মানুষ নাম লিখিয়েছিলেন। কিন্তু, নাশকতার পরই তা বেশ ধাক্কা খেয়েছে। গত বছরের তুলনায় এবার নাম নথিভুক্তকরণ ১০.১৯ শতাংশ কমেছে।’ ২২ এপ্রিলের আগে যাঁরা নাম লিখিয়েছিলেন, তাঁদের ফের আবেদন করতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আবেদনের প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে আশাবাদী লেফটেন্যান্ট গর্ভনর। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলছে ৯ আগস্ট পর্যন্ত। তিনি জানিয়েছেন, তাঁর মতে, পুণ্যার্থীদের আস্থা ফেরাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বেস ক্যাম্পেই ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। পুলিস ও আধা সেনা সমস্ত এলাকায় মোতায়েন হয়েছে। জম্মু জোনের ইনসপেক্টর জেনারেল অব পুলিস ভীম সেন তুতি জানিয়েছেন, প্রত্যেক অমরনাথ পুণ্যার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন। এবার সবমিলিয়ে ১৮০ কোম্পানি বাহিনী মেতায়েন থাকবে।