


নিসিন (জাপান): দুরন্ত ফর্মে শেফালি ভার্মা। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বোলিংয়ে নজর কাড়লেন শ্রী চরণিও। এই দু’জনের দাপটেই ৯০ বল বাকি থাকতে জাপানকে ৮ উইকেটে হারাল ভারত। জেতার জন্য দরকার ছিল ৫৮। পাঁচ ওভারেই লক্ষ্যে পৌঁছায় হরমনপ্রীত কাউর ব্রিগেড (৫৯-২)। রবিবার সেমি-ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল জাপান। তাদের অনভিজ্ঞতা ধরা পড়ে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে। গোটা ইনিংসে মাত্র তিনটি বাউন্ডারি মারে জাপান। বাঁ-হাতি স্পিনার শ্রী চরণি চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। টি-২০ ঘরানায় এটাই ২২ বছর বয়সির সেরা পারফরম্যান্স। শেফালিও (২-১৩) বল হাতে সফল। একটি করে উইকেট নেন শ্রীয়াঙ্কা পাটিল ও দীপ্তি শর্মা।
এদিন স্মৃতি মান্ধানা ওপেন করেননি। পরিবর্তে সুযোগ পান গুনালান কমলিনী। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ (০)। তিনে নামা ভারতী ফুলমালিও (৬) দ্রুত ফেরেন। তবে শেফালি ছিলেন এশিয়া কাপের মতোই বিধ্বংসী মেজাজে। মাত্র ১৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। শেফলির সঙ্গে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন রিচা ঘোষ (১২)।