


সংবাদদাতা, খড়্গপুর: 'খাদ্য সুরক্ষা সপ্তাহ' উপলক্ষ্যে চলছে অভিযান। আজ, রবিবার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান চালানো হয় পিংলা ও সবংয়ের বিভিন্ন খাবারের দোকানে। পিংলার কালীতলা, মুণ্ডুমারী এবং জামনা এলাকার একাধিক চপের দোকান, মিষ্টির দোকান, ফলের দোকান এবং হোটেলে অভিযান চালানো হয়। গুণমান যাচাইয়ের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রীর নমুনাও সংগ্রহ করা হয়। খোলা ও অস্বাস্থ্যকর খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
এরপরই সবং ব্লকের তেমাথানি বাজারে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। সেখানে একটি হোটেল, রেস্তরাঁ এবং নামজাদা কেকের দোকানে তল্লাশি চালানো হয়। ওই কেকের দোকান থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ কেক উদ্ধার হয়। প্রয়োজনীয় অনুমোদনপত্রও দেখাতে পারেননি মালিকপক্ষ। এরপরই ওই দোকান বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা। সেইসঙ্গেই প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় পিংলার একটি মিষ্টির দোকানকেও এদিন বন্ধ করে দেওয়া হয়।