


সংবাদদাতা, শিলিগুড়ি: পুজোর ভ্রমণে দার্জিলিং পাহাড়ে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ টাইগার হিল ও ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়া। টয় ট্রেনের প্রতি পর্যটকদের সেই আকর্ষণের কথা মাথায় রেখে এবার বিশেষ উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। পুজোর ভ্রমণে টয় ট্রেন যাত্রার মধ্য দিয়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার সুযোগ পাবেন পর্যটকরা।
পাহাড়ের পাগলাঝোরা এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ কবিতার ভাবনার সামঞ্জস্যের কথা মাথায় রেখে ডিএইচআর একটি বিশেষ জয় রাইডের নামকরণ করেছে ‘মুক্তধারা’। পুজোর মরশুমে এই বিশেষ জয় রাইড পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে দাবি ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরীর।
পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে পর্যটকদের টয় ট্রেনে চড়ার আকর্ষণ আরও বাড়াতে এবার অতিরিক্ত জয় রাইড চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। আগামী ১ অক্টোবর থেকে দার্জিলিং-ঘুম এবং কার্শিয়াং-মহানদী রুটে এই বিশেষ পরিষেবা চালু হবে। এর ফলে পুজোর মরশুমে পাহাড়ে আসা পর্যটকদের সামনে ঐতিহ্যবাহী টয় ট্রেনে ভ্রমণের বাড়তি সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ।
ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং-ঘুম রুটে দু’টি এবং ঘুম-দার্জিলিং রুটে দু’টি সিঙ্গল-ট্রিপ জয় রাইড চলবে। দার্জিলিং থেকে ট্রেন ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে এবং ১১টা ২৫ মিনিটে। ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে। ডিজেল চালিত এই পরিষেবায় একমুখী যাত্রার প্রস্তাবিত ভাড়া ৮০০ টাকা।
অন্যদিকে, কার্শিয়াং-মহানদী রুটে চলবে দু’টি রাউন্ড-ট্রিপ জয় রাইড। ‘রেড পান্ডা’ নামে প্রথম পরিষেবাটি বাষ্পচালিত ইঞ্জিনে চলবে। কার্শিয়াং থেকে সকাল ৯টা এবং মহানদী থেকে সকাল ১০টায় ট্রেন ছাড়বে। রাউন্ড ট্রিপের প্রস্তাবিত ভাড়া ১৫৩০ টাকা। ‘মুক্তধারা’ নামে দ্বিতীয় জয় রাইডটি হবে ডিজেল চালিত ইঞ্জিনে। কার্শিয়াং থেকে বিকেল ৩টে ১৫ মিনিটে এবং মহানদী থেকে বিকেল ৪টায় ট্রেন ছাড়বে। এই পরিষেবার প্রস্তাবিত ভাড়া ১০৩০ টাকা।
ডিএইচআরের ডিরেক্টর জানান, প্রতিবছর পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে। টয় ট্রেনে চড়ার চাহিদাও থাকে বিপুল। সেই চাহিদার কথা মাথায় রেখেই অতিরিক্ত জয় রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তধারার নিয়মিত পরিষেবা শুরুর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একদিন মহানদী স্টেশনে ‘মুক্তধারা’র একটি বিশেষ যাত্রার আয়োজন করা হবে।