


নয়াদিল্লি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামলানোর ক্ষেত্রে বড়োসড়ো ভুল করছেন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব বাড়ছে। এই ভাষাতেই মার্কিন প্রেসিডেন্টের বিদেশ নীতির কড়া সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ট্রাম্পের বিদেশ নীতির ভক্ত নই। কোনো কারণ ছাড়াই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তিনি। এটা ট্রাম্পের অন্যতম বড়ো ভুল। তিনটি কারণের জন্য এমনটা হয়েছে। প্রথমত, শুল্ক চাপানো। দ্বিতীয়ত ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি। তৃতীয়ত, হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ। দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে আসছে এই পাকিস্তান।’
এদিকে ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ নিয়ে আতঙ্কিত পশ্চিম এশিয়া। যৌথ বাহিনীর হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। তেহরানে শাসন ব্যবস্থার বদল কি শুধু সময়ের অপেক্ষা? এব্যাপারে অ্যাবট বলেন, ‘শাসন ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে ইরানে যেই সরকারই থাকুক না কেন, আগের মতো আগ্রাসী মনোভাব আর দেখাতে পারবে না।’