


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আপাতত রেহাই গান্ধী পরিবারের! শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুল গান্ধী সহ চারজনকে এখনই ‘নোটিস’ পাঠাতে রাজি হল না নয়াদিল্লির স্পেশাল সিবিআই আদালত। উল্টে ইডির আবেদনে ত্রুটি আছে বলেই জানিয়ে দিলেন বিচারক বিশাল গোগনে। ইডির আবেদনে পর্যাপ্ত নথি নেই। তাই কীসের ভিত্তিতে ‘অভিযুক্ত’ হিসেবে সোনিয়া-রাহুল গান্ধী, স্যাম পিত্রোদা এবং সুমন দুবেকে তাঁদের জবাবদিহির নোটিস পাঠানো সম্ভব? মামলার শুনানিতে ইডির কাছে জানতে চাইলেন বিচারক। যদিও ইডির যুক্তি, যাদের নাম চার্জশিটে রয়েছে, তাদের ডেকে পাঠানোর নোটিস পাঠানোই যায়। তারপর তাদের বক্তব্য শুনে মামলা সংক্রান্ত আরও তথ্য বা নথি তদন্তকারী সংস্থা জমা দেবে। কিন্তু তা মানতে রাজি হলেন না বিচারক।