


সংবাদদাতা, নদীয়া: স্বর্ণ ব্যবসায়ী বিকাশ দাসের (৪৯) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার ধানতলার আড়ংঘাটায়। মৃতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবেই তাঁকে খুন করা হয়েছে। গতকাল অর্থাৎ বুধবার রাতে আড়ংঘাটা স্টেশনের কাছে নিজের সোনার দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর নিয়ে যাওয়া হয় সব্দালপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, মৃতের মাথায় একাধিক ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পরিবারের আরও অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় অ্যাসিডও ঢেলে দেওয়া হয়েছে। অপরদিকে, দোকান থেকে সোনার সামগ্রী-সহ নগদ টাকাও লুট হয়েছে বলেও দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মৃতের মোবাইলের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।