


মাথাভাঙা, সংবাদদাতা: গতকাল রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের দেবোত্তর পানিগ্রাম এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, রোজের মতোই গতকাল রাতেও নয়ারহাট বাজারের দোকান বন্ধ করে সাইকেল করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। বাড়ির থেকে প্রায় ৫০০ মিটার দূরে অতর্কিত ভাবে বাইকে করে আসে তিন দুষ্কৃতী। এরপর অভিযুক্তরা হামলা করে তাঁর উপর। মাথায় হামলা করার পর নাভির নিচে গুলি করে বলে অভিযোগ। সেইসঙ্গে ব্যবসায়ীর কাছে থাকা টাকা এবং সোনা সহ ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ী প্রকাশ সরকারকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে। এরপর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানেই চিকিৎসাধীন রয়েছে প্রকাশ সরকার। আহত ব্যবসায়ীর স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনের মত গতকালকেও ব্যবসা করে বাড়ির ফিরছিলেন তাঁর স্বামী। বাড়ির কাছেই গুলি এবং ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান এলাকার প্রধান রঞ্জনা রায় বর্মন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।