


সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: গুগল ম্যাপকে ভরসা করে রাতের অন্ধকারে বাইক নিয়ে যাচ্ছিলেন এক যুবক। এরপরে সোজা খোলামুখ খনিতে গিয়ে পড়লেন! পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঘটনা। প্রায় ৩০ ফুট গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন বাইক চালক প্রসূন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার রাতে কাজের সূত্রেই পাণ্ডবেশ্বর গিয়েছিলেন প্রসূন। পেশায় তিনি কেবল অপারেটর।
কাজের সূত্রে একজনের বাড়ি যাওয়ার পথেই রাস্তা হারিয়ে ফেলেন তিনি। প্রসূন গুগল ম্যাপকে ভরসা করে অন্ধকার রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকেন। যেমন রাস্তা দেখাতে থাকে গুগল ম্যাপ, ঠিক সেভাবেই এগোতে থাকেন তিনি। এরপরেই ঘটে যায় এই দুর্ঘটনা। এক্সক্যাভেটর নিয়ে এসে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসূন।
পাণ্ডবেশ্বরে মহালক্ষ্মী নামে একটি খোলামুখ খনির কাজ চলছে বিভিন্ন এলাকায়। আর সে কারণেই বহু রাস্তাঘাট খনির আওতায় চলে এসেছে। আর এরই মধ্যে এই দুর্ঘটনা। তাঁর দাদা জানান, ‘অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফিরতে দেরি হচ্ছিল প্রসূনের। ফোন করলে সঠিক লোকেশন বলতে পারছিল না। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয়। পরে লোকেশন ট্র্যাক করে ওঁর খোঁজ মেলে।’ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন খনির আধিকারিক ও স্থানীয় প্রশাসন। এছাড়াও উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।