


নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ, শনিবার তাঁকে হলদিয়া এসজিএম আদালতে পেশ করা হয়। এদিকে, প্রার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন বিকেলে রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল বের করে রাহুল গান্ধীর দল। কলকাতায় এমন একটি মিছিল হয় পার্ক সার্কাসে।
২০০৭ সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় দাখিল একটি মামলায় গতকাল মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন মামলার শুনানির সময় তাঁর আইনজীবী জামিনের আরজি জানান। প্রত্যাশিতভাবে পুলিশের তরফে এর বিরোধিতার করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেনবিচারক।
এদিন আদালতে পেশের সময় বিজেপিকে তীব্র আক্রমণ করেন মিলন। তিনি বলেন, ‘দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া বইছে। নন্দীগ্রামেও একই অবস্থা। সেই কারণে বিজেপি ভয় পেয়েছে।’ তাঁর আরো সংযোজন, ‘আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। উপনির্বাচনে বিজেপি এর যোগ্য জবাব পাবে।’ অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারে সাফ কথা, ‘শুধুমাত্র কংগ্রেস করার জন্য মিলনকে গ্রেপ্তার করা হল। কিন্তু এভাবে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না।’
২০০৭ সালে নন্দীগ্রাম জমি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মিলন প্রধান। সেইসময় অন্যান্য আন্দোলনকারীদের মতো তাঁর বিরুদ্ধেও খুন, অস্ত্র আইন সহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। আর এইবার সেই সময়ের পুরানো মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।