


নয়াদিল্লি, ২১ আগস্ট: কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ কতগুলি মোবাইল নম্বর থাকতে পারবেন? ঠিক করে দিল কেন্দ্র। সেই সংখ্যা পার হয়ে গেলে নতুন সিম কার্ড ইস্যু করা যাবে না। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা। আগামী ২৪ আগস্ট থেকে নিয়মটি কঠোরভাবে কার্যকর করতে হবে বলে জানিয়েছে সরকার।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিম কার্ড সংক্রান্ত এই নিয়ম একযুগ আগেই দেশে চালু হয়েছিল। কিন্তু এতদিন সরকারের তরফে বিষয়টিকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে তা কার্যকরের কোনো গরজ দেখায়নি টেলিকম সংস্থাগুলি। তবে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। গত ১৭ তারিখ সরকারের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে সাতদিন সময় দেওয়া হয় টেলিকম সংস্থাগুলিকে।
বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তির সর্বোচ্চ ন’টি সিম কার্ড কিনতে পারেন। অর্থাৎ একসঙ্গে ন’টি পর্যন্ত মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন তিনি। যদিও জম্মু-কাশ্মীর এবং অসম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই ঊর্ধ্বসীমা ছ’টি।
সরকারের নয়া নির্দেশিকার ফলে নতুন সিম ইস্যু করার আগে টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকের বর্তমান কানেকশনের বিষয়টি যাচাই করতে হবে। স্বাভাবিকভাবে, যে সব গ্রাহক সিম সংখ্যার নির্ধারিত সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছেন, তাঁদের পক্ষে নতুন সিম নেওয়া কঠিন হয়ে পড়বে।