


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদাকর্তা সুদীপ্ত সেনের জামিন মামলার শুনানি শেষ। মঙ্গলবার রায়দান স্থগিত রাখল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর জন্য সারদা ও তালুকদার কমিটির তরফে বাজার থেকে তোলা টাকার হিসাব, বাজেয়াপ্ত সম্পত্তির হিসাব, আমানতকারীদের কাছে বকেয়ার হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দি সুদীপ্ত সেন। ১২ বছরের বেশি জেলে রয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি সংশোধনাগার থেকে ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করে সুদীপ্ত সেনের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে কোনো শুনানি হচ্ছে না। বহু আদালতে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। কিন্তু সব ক্ষেত্রে তাঁকে হাজির করানো হচ্ছে না বলেও অভিযোগ। তাঁকে ভার্চুয়ালি বা
সশরীরে হাজির করানো হোক। আদালতে জামিনের আবেদনও জানান তিনি। এদিন সিবিআইয়ের তরফে আইনজীবী অমাজিৎ দে রিপোর্ট দিয়ে জানান, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৩৮২টি মামলার মধ্যে ৭৬টি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সেই সংক্রান্ত সব ক’টি মামলাতেই
শর্তাধীন জামিন পেয়েছেন তিনি। এদিকে, রাজ্যের করা মামলাগুলিতেও জামিনে রয়েছেন তিনি। শুধুমাত্র বারাসত আদালতে থাকা দু’টি মামলা এখনও বিচারাধীন। এদিন সেই দু’টি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।