


রাবাত, ১০ ডিসেম্বর: মরক্কোয় ২টি বহুতল ভেঙে অন্তত ১৯ জনের মৃত্যু। মঙ্গলবার(স্থানীয় সময়) রাত ১০ টা নাগাদ ফেজের আল-মাসিরা এলাকায় ধসে পড়ে পাশাপাশি দুটি চারতলা বাড়ি। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে খবর, এই বিল্ডিং বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেক আবাসিক। অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন ১৬ জন আবাসিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক।
দমকল, পুলিশ ও নাগরিক সুরক্ষা দল রাত থেকে সকাল পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বহুতলের ভিত নড়বড়ে ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার বহুতল ভেঙে পড়ার সাক্ষী থেকেছে মরক্কো। উল্লেখ্য, গত অক্টোবরে ওল্ড মেদিনা ও ফেব্রুয়ারিতে ফেস এলাকায় বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছিল।