


বিধাননগর, ২১ জুলাই: স্মার্ট মিটার নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মঙ্গলবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে সরাসরি বামেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
হুকিং বা চুরি রুখতে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ চালু করল রাজ্য সরকার। আজ, এই অ্যাপের উদ্বোধন করলেন শুভেন্দু। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, দেশের অন্যান্য অংশের মতো এরাজ্যে স্মার্ট মিটার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না সরকার। আগে স্মার্ট মিটারের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে। এই অনুষ্ঠান থেকে হুকিং বা বিদ্যুৎ চুরি বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কারো কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। পাশাপাশি গ্রাহকদের থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সংস্থাগুলিকে বিশেষ তৎপর হওয়ার নির্দেশ দেন শুভেন্দু।
বিদ্যুৎ প্রহরী অ্যাপ যে কেউ ডাউনলোড করতে পারবেন। কোথাও বিদ্যুৎ চুরি কিংবা হুকিং হলে সেই তথ্য সরাসরি দপ্তরে জানানো যাবে। যিনি তথ্য দেবেন তাঁর পরিচয় সম্পুর্ণ গোপন থাকবে। অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করবেন আধিকারিকরা। বিদ্যুৎ ভবন থেকে গোটা বিষয়টির উপর নজরদারি চালানো হবে বলে সূত্রের খবর।