


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় ‘বয়স’ নির্ধারণে অভিযুক্ত নাবালক প্রমাণিত হয়। সেই কারণে মামলা গেল পকসো আদালত থেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে। সোমবার কলকাতার বিচারভবনের পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় মামলা পকসো কোর্ট থেকে স্থানান্তরের নির্দেশ দেন। অভিযুক্তকে জেল থেকে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, চলতি বছরের ৮ এপ্রিল জোড়াসাঁকো থানায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। ফলে মামলাটি চলছিল পকসো কোর্টে। কিন্তু অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল নাবালক। তাই মামলার শুনানি পকসো কোর্টে চলার আইনি এক্তিয়ার নেই। আদালতের নির্দেশে সরকারি হাসপাতাল থেকে রিপোর্ট আসে অভিযুক্ত নাবালক। এরপরই মামলা বিচারভবন থেকে জুভেনাইল বোর্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক।