


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় শান্তি অধরাই। বরং সময় যত গড়াচ্ছে, যুদ্ধের তেজ ততই বাড়ছে। রবিবার ফের ইরানে একের পর এক হামলা চালাল মার্কিন সেনা। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার। যুদ্ধবিরতি যে বিশবাঁও জলে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই নতুন করে শুরু হয় সংঘাত। ভারতীয় সময় রবিবার ভোরে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারপরই হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় তেহরান। জবাব দিতে দেরি করেনি মার্কিন সেনা। তাদের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ১৪০টি জায়গায় হামলা চালানো হয়েছে। তার মধ্যে রয়েছে মিসাইল ও ড্রোন ভাণ্ডার, নৌবাহিনীর পরিকাঠামো, অস্ত্রভাণ্ডার, যোগাযোগ ব্যবস্থা এবং উপকূল নজরদারির পরিকাঠামো। ঘটনাচক্রে, এবারের সংঘাতের সঙ্গে জুড়ে গিয়েছে ভারতের নামও। জিএফএস গ্যালাক্সি নামে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটিতে অন্তত ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। ইরানের হামলায় জাহাজটিতে আগুন লেগে যায়। ১১ জনের মধ্যে ১০ ভারতীয়কে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ। ইরানের হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারত।
আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার ‘বন্ধু দেশ’ বলে পরিচিত বাহরিন, কুয়েত, জর্ডন, কাতার এবং ওমানে হামলা হয়েছে বলে দাবি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহিতেও হানার খবর মিলেছে। দেশগুলির একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার ডিফেন্স ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ জানিয়ে দিয়েছেন, একপাক্ষিক চুক্তির যুগ শেষ।
পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আগুন জ্বলেছিল গত সপ্তাহেই। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। ক্ষুব্ধ ট্রাম্প ঘোষণা করেন, সংঘর্ষ বিরতি শেষ। ওই ঘোষণার পরই ফের শুরু হয় হামলা। সেন্টকম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের উপর হামলার পর শান্তি সমঝোতার প্রতি আনুগত্য প্রকাশের জন্য ইরান আরও একটি সুযোগ পেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাই হরমুজ দিয়ে চলাচলকারী অসামরিক জাহাজের উপর হামলা চালানোর ক্ষমতা যাতে ইরানের না থাকে, তাই আমেরিকা এই কঠোর পদক্ষেপ করছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ উপকূলের বুশহর, আসালৌহে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এই দু’টি শহর শক্তি ও পেট্রকেমিকেল হাব বলে পরিচিত। এছাড়া বন্দর আব্বাস এবং বন্দর-ই দায়ের এবং হরমুজ সংলগ্ন সিরিকেও বিস্ফোরণ হয়েছে।
ভারতীয় নাবিকদের উপর হামলার প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ওমান উপকূলের অদূরে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার আমরা নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন।’ ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উদ্ধার অভিযানের জন্য ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে তারা।