


ইসলামাবাদ: ভুয়ো তথ্য ছড়িয়ে নিজেদের ঢাক পেটালেও অপারেশন সিন্দুরের জেরে কার্যত বিধ্বস্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে পাক সেনার ভিত কার্যত নড়ে গিয়েছে। এরই মাঝে দেশজুড়ে বিদ্রোহের ডাক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের। তাঁর স্পষ্ট বার্তা, এই আন্দোলন শুধুমাত্র ইসলামাবাদে সীমাবদ্ধ থাকবে না। দেশের নানা প্রান্তে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে পিটিআই কর্মী-সমর্থকরা।
২০২৩ সাল থেকে ইমরানের জেলমুক্তির দাবিতে একাধিকবার প্রতিবাদ-বিক্ষোভের সাক্ষী থেকেছে পাকিস্তান। এক্ষেত্রে বরাবর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্বয়ং ইমরান খান। সেই সূত্রেই এই আন্দোলনের আহ্বান। একে ভারতের প্রত্যাঘাতে বেসামাল পরিস্থিতি। এবার সেনাপ্রধান আসিম মুনিরকে টার্গেট করে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা সামনে আসতেই রীতিমতো বিপাকে পড়েছে পাক সেনা।
শুরু থেকেই পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের বাড়বাড়ন্ত নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ইমরান। মুনিরকে ফিল্ড মার্শাল করার পর শাহবাজ সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, এখন দেশে জঙ্গলরাজ চলছে। তাই আইনের শাসন ফেরাতেই এই আন্দোলনের ডাক। ইতিমধ্যে ইমরানের বোন আলিমা খামের মাধ্যমে দলের তৃণমূল স্তরের কর্মীদের কাছে পৌঁছে গিয়েছে আন্দোলনের বার্তা। পিটিআই নেতা আলি জাফর সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তিনিও জানিয়েছেন, দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পিটিআই।